শিশুদের মসজিদমুখী করতে বিশেষ উদ্যোগ

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:২২ পিএম

শিশুদের মসজিদের প্রতি আগ্রহী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে তুরস্কের একটি মসজিদ। উত্তর তুরস্কের সিনোপে ‘মসজিদ মার্কেট’ নামে বিশেষ বুথ চালু হয়। এ উপলক্ষে শিশুদের মধ্যে জুস, মিষ্টি, বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রশংসিত হয়।

আলজাজিরা মুবাশির সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে মসজিদে গমন ও কোরআন মাজিদ শিক্ষার প্রতি আগ্রহী করতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়। তা ছাড়া প্রতিদিন যারা কোরআন মাজিদ শিখতে মসজিদে জমায়েত হয়, তাদের মধ্যেও জুস, মিষ্টি, বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়। পবিত্র কোরআন শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ উদ্যোগ অন্য মসজিদেও বাস্তবায়ন করা হবে ধীরে ধীরে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মসজিদের মধ্যভাগের কয়েকটি তাকে মজাদার খাবার রাখা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘মসজিদে এসো, মসজিদে এসো। তোমাকে পেয়ে মসজিদ আরও সুন্দর হবে।’

উদ্যোগ প্রসঙ্গে মসজিদের ইমাম মুরাদ দামির জানিয়েছেন, এসব উদ্যোগের পাশাপাশি তার মসজিদে বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ক্রীড়া কার্যক্রম হিসেবে টেবিল টেনিস ও ফুটবল রয়েছে। তা ছাড়া ইসলামি জ্ঞান প্রতিযোগিতা, নবী করিম (সা.)-এর জীবনী পাঠ আলোচনা ও চরিত্র গঠনবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

   দৈনন্দিন ইসলাম ডেস্ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত