মতাদর্শের ক্ষোভ থেকে হত্যার হুমকি চিকিৎসককে

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:৪১ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া তাফসিরুল ইসলাম (২৩) ছাত্রশিবিরের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। পুলিশের এই বিশেষায়িত ইউনিটটি বলছে, তাফসিরুল দলীয় ও রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে ভয় দেখানোর জন্যই চিকিৎসক মোস্তফা জামানকে হুমকি দেয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে গত বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর থেকে তাফসিরুলকে গ্রেপ্তার করে র‌্যাব। এদিকে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানম-ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই চিকিৎসক। সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ১৩ আগস্ট জামায়াত নেতা সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বিএসএমএমইউর জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরদিন ১৪ আগস্ট রাতে তিনি মারা যান। সাইদী চিকিৎসারত থাকা অবস্থায় বিশেষজ্ঞ টিম আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করেন। সাঈদীর পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ চিকিৎসক সমাজকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

সাঈদীকে চিকিৎসা দেওয়া এস এম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যারা এই চিকিৎসককে হেয় করে কথা বলছেন ও হুমকি দিচ্ছেন তাদের সবাইকে আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে।’

তাফসিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তাফসিরুল স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে। সে স্কুলজীবন থেকেই ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। সে আইটিতে দক্ষ হওয়ায় অনলাইনে ই-মেইল মার্কেটিংয়ের কাজ করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করত। গ্রেপ্তার তাফসিরুলের বাবা রফিকুল ইসলাম রফি এলাকায় জামায়াতের একজন সক্রিয় কর্মী। ২০১৩-১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অপরাধে তার (তাফসিরুল) বাবার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং এসব মামলায় তিনি কারাভোগ করেন। তাফসিরুল “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর তাফসিরুল ইসলাম” ও “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর ওরফে তাফসিরুল ইসলাম” নামে দুটি ফেসবুক গ্রুপ অ্যাডমিন হিসেবে পরিচালনা করে।’

মূলত দলীয় ও রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে তাফসিরুল চিকিৎসক মোস্তাফা জামানের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেয় জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পরে চিকিৎসক মোস্তফা জামান জিডি করলে তাফসিরুল ওই মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলে। কিন্তু তার মোবাইলে হত্যার হুমকি-সংবলিত মেসেজের স্ক্রিনশট পাওয়া যায়।’

কক্সবাজারে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আরেক মামলা : দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে কক্সবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে কক্সবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার সরকারি কলেজের সামনের পুলিশের সঙ্গে জামায়াত সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় সদর থানায় এসআই শাহ নেওয়াজ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ২ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছেন।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন কক্সবাজার প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত