বৃষ্টি আইনে ২ রানে জয় ভারতের

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১১:৪৬ পিএম

ভারতকে মাত্র ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। সেটা ছুতেই ছুটছিল তারা। কিন্তু বৃষ্টি বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। বেরসিক বৃষ্টি আর কোনো বলই গড়াতে দেয়নি।

তবে যশস্বী জসওয়ালরা কাজটা সেরে রেখেছিলেন আগেই। রান রেটে এগিয়ে থাকায় ২ রানে জয়ী হয় সফরকারীরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা জয় দিয়ে শুরু করল ভারত। বৃষ্টির আগে ৬.৫ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছিল তারা।

দলের পক্ষে জসওয়াল ২৪ রান করে আউট হন। ২৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ১ ছক্কায়। ঋতুরাজ গায়কোয়াদ অপরাজিত ছিলেন ১৯ রানে।

আইরিশদের হয়ে উইকেট দুটি নেন ক্রেইগ ইয়াং। ৭ম ওভারে নিজের প্রথম ওভার করতে এসেছিলেন। ৫ বলের মধ্যেই তুলে নেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৯ রান করে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ব্যারি ম্যাকার্থি। বুমরাহ, প্রসিধ কৃষ্ণা ও রভি বিষ্ণুই দুটি করে উইকেট লাভ করেছেন।

ম্যাচ সেরার পুরস্কারটা জিতে নিয়েছেন চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত