স্ত্রীকে সন্তানদের সামনে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:২৬ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেলে লাশ রাস্তায় ফেলে রেখে পালিয়েছে তার স্বামী। নিহত খাদিজা খাতুন (৩০) উপজেলার হেমন্তবাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার দাদপুর নামে এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত খাদিজা জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ব্রজবালা গ্রামের দেলবার হোসেন প্রামাণিকের মেয়ে। ভাই আব্দুল মজিদ বলেন, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে হেমন্তবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসান আলীর সঙ্গে খাদিজার বিবাহ হয়। তাদের আব্দুল্লাহ (১০) ও জুনায়েদ (৭) নামে দুই ছেলে সন্তান রয়েছে। মঝেমধ্যেই নানা অজুহাতে খাদিজার স্বামী, শ্বশুর, দেবর ও তার স্বজনেরা তাকে নির্যাতন করত।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী খাদিজার পেটে ও হাতে গরু জবাই করার বড় ছুরি দিয়ে কোপান হাসান। পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল হাসান ও পরিবারের লোকজন। কিন্তু পথে খাদিজা মারা গেলে তার লাশ দাদপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী হাসানসহ অন্যরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সন্ধ্যার পর সেখান থেকে খাদিজার লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। এরপর গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, নিহতের ভাই আব্দুল মজিদ বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। নিহতের স্বামী হাসান ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত