চট্টগ্রামের চন্দনাইশে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরের এক নারী বাসিন্দাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো চন্দনাইশ উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর গুচ্ছগ্রামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯), দক্ষিণ হাশিমপুরের নতুনপাড়ার বাসিন্দা মো. মোরশেদ আলম (৩২) এবং একই এলাকার মো. হাসান উদ্দিন সাকিব (১৮)।
ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ৮ আগস্ট রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণ হাশিমপুরে আসামিরা ধর্ষণের শিকার নারীর নামে বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঢুকে। তাদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম ওই নারীকে ধর্ষণ করে। এ সময় জাহাঙ্গীরকে সহায়তা করে মো. মোরশেদ আলম ও মো. হাসান উদ্দিন। আসামিদের একজন ওই নারীর ছয় বছর বয়সী শিশু ছেলের মুখ চেপে ধরে রাখে, যাতে সে চিৎকার করতে না পারে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার চন্দনাইশ থানায় মামলা করার পর অভিযানে নেমে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে (ধর্ষণের শিকার নারী) ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
