খুমেকে খুলল তালা, ক্লাসে শিক্ষার্থীরা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০১:২০ এএম

তিন দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও চারটি কক্ষে দেওয়া তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ক্লাসে ফিরেছেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ ভবনের প্রধান ফটক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, ভারপ্রাপ্ত উপ-পরিচালকের কক্ষের তালা খুলে দেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে তিন দফা দাবিতে কক্ষগুলোতে তালা দিয়েছিলেন তারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থী হাসান ফেরদৌসের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, মেডিকেল কলেজ হাসপাতালে দুটি মডেল ফার্মেসি ও পুলিশ ফাঁড়ি স্থাপন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনে বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান মেডিকেলের শিক্ষার্থী হাসান ফেরদৌস। দাম কম রাখা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে শিক্ষার্থী ও দোকানদারের মধ্যে সংঘর্ষ হয়। এতে জড়িয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরাও। ওইদিন রাত থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে। এরই মধ্যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন।

শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবিতে বুধবার ও বৃহস্পতিবার দুই কার্যদিবস তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন। তিন দফার একটি পূরণ ও দুটি দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে তারা ক্লাসে ফিরেছেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মধ্যে মডেল ফার্মেসির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। হামলাকারীদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ি স্থাপন করার। পুলিশ প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি এখানে দ্রুত স্থায়ী অথবা অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত