রান্নাঘরের নানা জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বেশি নোংরা হয় তেলের বোতল ও মসলার কৌটা। অনেক সময় এমন চিটচিট করে কৌটা ও শিশি যে হাত দেওয়া যায় না। ব্যবহারের সময় হাত থেকে পিছলে পরে যাওয়ার আশঙ্কাও থাকে। শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই চিটচিটে ভাব কাটে না। আবার ঠিকমতো পরিষ্কার না করলে তেলচিটে একটা গন্ধও হয়। তাই নিয়মিত পরিষ্কার করা দরকার মসলার কৌটা ও তেলের বোতল। কীভাবে করবেন
জেনে নিন
গরম পানি : কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন তেলচিটে বোতল ও কৌটা। গরম পানি তেলের বোতল ও কৌটায় ভরে রেখে দিন ১০ থেকে ১২ ঘণ্টা। এরপর পানিসহ বোতল ও কৌটা ভালো করে ঝাঁকিয়ে নিন। গরম পানি বোতল ও কৌটার তেলাভাব দূর করবে। কৌটা ও বোতলের নিচে আটকে থাকা অতিরিক্ত তেল ও মসলাও বের হতে সাহায্য করবে। চাইলে পানির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। এতে আরও ভালো পরিষ্কার হবে।
টিস্যু পেপার : টিস্যু পেপার দিয়ে সহজেই তেলের দাগ তোলা যায়। একটি পরিষ্কার টিস্যু পেপার বা কিচেন টাওয়েল দিয়ে বোতলের ঢাকনার ভেতর ও বাহির ভালো করে মুছে নিন। বোতলের ঢাকনা লাগানোর জায়গাটা এবং বোতলের ওপরটাও মুছে নেবেন ভালো করে।
বাসন মাজার তরল সাবান : গরম পানিতে বাসন মাজার তরল সাবান মিশিয়ে তেলের বোতল ও কৌটায় ভরে নিন। কিছুক্ষণ এভাবে রেখে দিন। তারপর ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। বাড়িতে বোতল পরিষ্কার করার ব্রাশ থাকলে আরও ভালো। তা হলে সেই ব্রাশ দিয়ে বোতল ও কৌটা ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন।
লেবু বা ভিনেগার : লেবুর রস বা ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে বোতলে ভরে নিন। মিনিট ২০ পরে ভালো করে ঘষে বোতল ও কৌটা পরিষ্কার করুন। এতে বোতল ও কৌটার ময়লা এবং দুর্গন্ধ উভয়ই দূর হবে।
ওয়াশিং পাউডার ও বেকিং সোডা : অর্ধেক বালতি ঈষদুষ্ণ পানিতে দুই চামচ ওয়াশিং পাউডার দিন। এতে সাদা ভিনেগার, লেবুর রস এবং এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তেলের বোতল ও কৌটার বাইরেটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে ১৫ মিনিট ওই পানিতে ডুবিয়ে রাখুন। তারপর সাধারণ পানিতে ভালো করে ধুয়ে শুকনো করে নিন।
