স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান, দ্রুত নিয়োগসহ চার দফা দাবি আদায়ে ক্লাস বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছেন ঝিনাইদহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় বক্তব্য দেন খাইরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, রোজিনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, ম্যাটস ডিপ্লোমাধারীদের এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটসের শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
