ঢাকার সাভারে নিজের বাসা থেকে এক শিক্ষকের হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান মসজিদসংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এদিকে মরদেহটির পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা ছিল, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে, আমরা ইসলামের সৈনিক।’
নিহত গোলাম কিবরিয়া (৪৩) সাভার মডেল স্কুলের সাবেক শিক্ষক। তার গ্রামের বাড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।
এলাকাবাসী জানায়, গোলাম কিবরিয়া রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষক ছিলেন। সেখানে কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন। তিনি একাই ওই বাসায় থাকতেন বলে জানা গেছে। গতকাল দুপুরে ঘরের দরজায় গিয়ে প্রতিবেশীরা তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মালামাল ওলট-পালট অবস্থায় ও আলমারি খোলা ছিল।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’
