২৫ আগস্ট ফের গণমিছিল করবে বিএনপি

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৩:০২ এএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এমনটি জানিয়েছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেছেন, আজকে সারা দেশে ভীতি সঞ্চার করা হচ্ছে। কেউ কথা বলতে পারবে না। সবাই ভয় ও আতঙ্কের মধ্যে আছে।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুস সালাম এসব কথা জানান।

আব্দুস সালাম বলেন, যেখানে মামলা হলে কোর্টে হাজির হই, তবে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিএনপির অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল? আজকে প্রশ্ন এসেছে আমরা কি বেঁচে থাকতে পারব?

এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আবারও গণমিছিল অথবা পদযাত্রার কথা চিন্তা করা হচ্ছে। আগামী ২৫ আগস্ট ঢাকায় এ কর্মসূচি পালিত হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া পরদিন ২৬ আগস্ট ঢাকাসহ সারা দেশে আরেকটি পৃথক কর্মসূচি পালন করতে পারে বিএনপি।

গতকাল রবিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে এই কর্মসূচির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত