সাতক্ষীরার মাগুরা বৌবাজার এলাকার পৌর কৃষক লীগের কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে তারা সেখানে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ছবিসহ একটি কম্পিউটার ও বেশ কিছু আসবাব ভাঙচুর করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।
এ ব্যাপারে পৌর কৃষক লীগ সভাপতি মো. রাশিদ হাসান চৌধুরী বাবু বলেন, রাতে তিনি কার্যালয়ে কাজ শেষে বাসায় যান। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে গিয়ে কার্যালয়ের শাটার খোলা দেখতে পান। ভেতরে ঢুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিসহ কম্পিউটার, আসবাব ভাঙাচোরা অবস্থায় দেখেন তিনি। পরে পুলিশ খবর দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ে থাকা বেশ কিছু টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, কৃষক লীগ নেতারা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
