সাতক্ষীরায় স্কুল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে পড়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী নিহত হয়েছে। তার নাম ওহি সুলতানা (৭)। গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের মাহমুদপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মিতুল সরদারের মেয়ে। সে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী মাহমুদপুর কামরুল গাজী জানান, ওহি স্কুল ছুটির পর মায়ের সঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে মাহমুদপুর বাজারে পৌঁছলে সাতক্ষীরা থেকে ভোমরা অভিমুখী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছে। জয়পুরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে এক ভ্যানচালকের নিহত হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
আশুগঞ্জে অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় শিশুটির মা ও বাবাও আহত হয়েছেন।
নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বলিবাড়িয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), নাজমুল মিয়ার শিশু সন্তান জিলানী (৮), পানিশ^র গ্রামের জাফর আলীর ছেলে আশকর মিয়া (৬০) ও কিশোরগঞ্জের পগারকান্দা গ্রামের আবদুর রশিদের ছেলে উজ্জল (৩৫)।
খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুর ১২টার দিকে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক শিশু নিহত হয়। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যায়। জিলানির মা শাহনাজ বেগম ও বাবা নাজমুল মিয়াসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
জয়পুরহাটে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১ : জয়পুরহাটে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শিমুলতলী এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালক হাফিজুল ইসলাম জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সাত্তার হোসেনের ছেলে।
জয়পুরহাট থানার ওসি তদন্ত সারওয়ার হোসেন জানান, ভ্যানচালক হাফিজুল ইসলাম অসুস্থ স্ত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে তার মেয়েকে নিয়ে নিজ বাড়ি হরেন্দা গ্রামে ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় পৌঁছলে একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাফিজুল ইসলাম মারা যান।
তিনি আরও জানান, বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক লিটনকে গ্রেপ্তার করা হয়।
