পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না, বরং আইনশৃঙ্খলা রক্ষায় বিধি মেনে দায়িত্ব পালন করে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আছেন, আমার দৃষ্টিতে কারও রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি। আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে, সেটি মোকাবিলা করতে হবে, সেটা আমার আইনি দায়িত্ব। এ দায়িত্ব অর্পিত করা হয়েছে। এ দায়িত্ব পালনে আমি বাধ্য।’
আইজিপি বলেন, ‘আইন প্রয়োগ করতে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার সেটাই করা হবে।’
