পেঁয়াজ আমদানি বেড়েছে, কমতির দিকে দাম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:১৪ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের নতুন করে আরোপ করা শুল্কের পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে করে স্থলবন্দর এলাকার আড়তে পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম খুব একটা বাড়বে না বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সোমবার বন্দর দিয়ে ৫৯টি ট্রাকে ১ হাজার ৭৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১৫ ট্রাক পেঁয়াজ এসেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এ দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। পেঁয়াজের ওপর শুল্ক আরোপের খবরে রবিবার বন্দরে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর নাসিক জাতের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, যা শনিবার ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সোমবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় ইন্দোর জাতের কিছুটা কমে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর নাসিক জাতের বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৪ টাকায়। গতকালও একই দামে বিক্রি হয়েছে। তবে এখনো যে দাম রয়েছে, তা শুল্ক আরোপের আগের চেয়ে বেশি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর সোমবার হিলি স্থলবন্দর দিয়ে প্রথম নতুন দামের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তিনি জানান, আগে খোলা ঋণপত্র বা এলসি সমন্বয় করতে হয়েছে। বর্তমানে ভারত থেকে তারা প্রতি কেজি পেঁয়াজ কিনছেন ২৮ রুপি দরে। এর সঙ্গে পরিবহন খরচ রয়েছে সাড়ে ৬ রুপির মতো আর শুল্ক রয়েছে ৪ থেকে ৫ রুপি। সবমিলিয়ে বন্দরে পৌঁছানো পর্যন্ত খরচ পড়ছে ৫১ টাকার মতো। তারা পাইকারিতে বিক্রি করছেন ৫২ থেকে ৫৩ টাকা দরে।

আমদানিকারক শাহিনুর রেজা বলেন, রবিবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এদিন মাত্র সাত ট্রাক পেঁয়াজ এসেছিল আগের দামে। কিন্তু শুল্ক আরোপের খবরে ও চাহিদার তুলনার পণ্যটির সরবরাহ কমায় পেঁয়াজের দাম অস্থিতিশীল হয়ে ওঠে। তবে সোমবার থেকে সেই শুল্ক পরিশোধ করেই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সেদিন বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এলসি খোলা রয়েছে, পাইপলাইনে পেঁয়াজবাহী অনেক ট্রাক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত