রেফারির ওপর ক্ষিপ্ত হয়ে মাঠকর্মীকে ধাক্কা রোনালদোর

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৮:২৬ পিএম

ক্রিশ্চিয়ানোর রোনালদোর আল নাসর জায়গা করে নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে। প্লে-অফের ম্যাচে মঙ্গলবার রাতে তারা হারিয়েছে আমিরশাহির শাবাবকে। আল-আহলির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে তারা। কিন্তু রোনালদো কোনো গোল করতে পারেননি। তিন বার তার পেনাল্টির আবেদনে কর্ণপাত করেননি রেফারি। এ নিয়ে প্রকাশ্যেই ক্ষিপ্ত হতে দেখা গেছে। বিরতিতে মাঠ ছাড়ার সময় এক মাঠকর্মী ছবি তুলতে এলে দিয়েছেন ধাক্কা।

পর্তুগিজ তারকা প্রথমবার পেনাল্টির আবেদন করেন ২৭ মিনিটে। শাবাবের এক ডিফেন্ডার বক্সের মধ্যে রোনালদোর হাঁটুতে লাথি মারেন। রোনালদো পড়ে গেলেও রেফারি সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দেন উঠে পড়ার। দেননি পেনাল্টিও। ৪৫ মিনিটের মাথায় রোনালদো একটি সাইড ভলি মেরেছিলেন। সেটি বিপক্ষের এক ডিফেন্ডারের হাতে লেগে দিক বদলায়। সেটাও পেনাল্টি দেননি রেফারি। দুই মিনিট পরে রোনালদোকে আবার বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। এ ক্ষেত্রেও রেফারি রোনালদোর আবেদনে কর্ণপাত করেননি।

রোনালদো আর মেজাজ সামলাতে পারেননি। বিরতির সময়ে রেফারিদের দিকে ছুটে যান। আঙুল উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন। পাশাপাশি লাইন্সম্যানদের দিকেও তাকিয়ে বলে, চোখ খুলে মাঠে কী হচ্ছে সেটা দেখতে। বার বার বলেন, ‘ওয়েক আপ, ওয়েক আপ।’ অর্থাৎ জেগে ওঠো।

এসময় এক মাঠকর্মী তার সঙ্গে সেলফি তুলতে এসেছিলেন। কিন্তু রোনালদো তাকে ধাক্কা মারতে দেখা যায়। অবশ্য সেই মাঠকর্মীকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি।

ম্যাচের পর টুইটারে রোনালদো লেখেন, ‘কঠিন ম্যাচ, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করাটা গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত বিশ্বাস রাখি। কখনও হাল ছেড়ে দিই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত