টাঙ্গাইলের মির্জাপুরে দা দিয়ে কুপিয়ে সাজু মিয়া (৩৫) নামে এক যুবকের কবজি ও আরেকটি হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে তার এক প্রতিবেশী। গতকাল বুধবার দুপুরে গোড়াই হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী নজরুল ইসলামের হামলার শিকার হন সাজু। তাকে প্রথমে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় হামলাকারী নজরুলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আহত সাজু লালমনিরহাটের কালিগঞ্জ থানার নদাবাস গ্রামের আফজাল দেওয়ানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে গোড়াই হাঁটুভাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে সাজু ও নজরুলের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল দা দিয়ে কুপিয়ে সাজুর বাম হাতের কবজি ও ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া সাজুর পুরো শরীর কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পর এলাকার লোকজন নজরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নজরুল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দার মালতি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সাজু এবং নজরুল দুজনেই দক্ষিণ নাজির পাড়া গ্রামে ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় দেওহাটা পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
