‘করোনার টিকা তৈরিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক’

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৩:০৫ এএম

করোনাভাইরাসের টিকা তৈরিতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে। মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন দেবে তারা।

গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছি। বিশ্বব্যাংকের বাংলাদেশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের করোনার টিকা তৈরির উদ্যোগকে প্রতিনিধিদল স্বাগত জানিয়েছে। এ বিষয়ে আমাদের সাহায্য-সহযোগিতা করার কথা বলেছেন। এরই মধ্যে আমরা অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছি।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্ল্যান্টের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছি। প্রয়োজনে আরও চাইব। সরকারও এ বিষয়ে অর্থায়ন করবে। জমি কিনেছি, বাকি কাজও চলমান। ডিডিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করেছি, এটি পাস করতে একনেকে নিয়ে যাব।

মন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন তৈরিতে পাঁচ বছরে ২৭ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে বাংলাদেশ সরকার ২২ বিলিয়ন ব্যবস্থা করবে। মাল্টিসেক্টরাল ফান্ডিংয়ে আমরা বলেছি পাঁচ বিলিয়ন লাগবে। এ পর্যন্ত তারা কমিটমেন্ট দিয়েছে, পর্যায়ক্রমে পাঁচ বিলিয়ন ডলারে নেওয়ার চেষ্টা করবেন। এরই মধ্যে দুই থেকে আড়াই বিলিয়নের কমিটমেন্ট হাতে আছে। বাকিটা তারা ধীরে ধীরে আগামী পাঁচ বছরে ব্যবস্থা করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত