গাজীপুরের শ্রীপুরে বিএনপির কর্মিসভায় অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোসিংগা ইউনিয়নে বিএনপির কর্মী পরিচিতি সভায় জ্ঞান হারালে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত বিএনপি নেতার নাম মোহাম্মদ সোলায়মান আকন (৬৫)। পরে দ্রুত সময়ে কর্মী পরিচিতি সভা সমাপ্ত ঘোষণা করা হয়। সোলায়মান আকন প্রহল্লাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মারতা গ্রামের ছাবেদ আলীর ছেলে।
এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা মরদেহ দেখতে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, দুপুরে গোসিংগা গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে উপজেলা বিএনপির কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
