নতুন করে এশিয়ার ৭ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১২:২১ এএম

করোনা মহামারীর পর এশিয়া মহাদেশের উন্নয়নশীল দেশগুলোতে প্রায় সাত কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। মূলত মুদ্রাস্ফীতির কারণে এ বিশালসংখ্যক মানুষ অতিদারিদ্র্যের কবলে পড়েছে। ফিলিপিনসভিত্তিক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে এডিবি জানিয়েছে, ২০২২ সালে এশিয়ার দেশগুলোতে অতিদরিদ্র মানুষের মোট সংখ্যা ঠেকেছে ১৫ কোটি ৫০ লাখে, যা করোনার আগের সময়ের চেয়ে অন্তত ৬ কোটি ৭৮ লাখ বেশি। অর্থাৎ করোনা ও দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে নতুন করে এ বিশালসংখ্যক মানুষ অতিদরিদ্রের খাতায় যোগ হয়েছে। এডিবির হিসাবে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এ অঞ্চলে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৭৫-৮০ লাখ বেড়েছিল। বিশ্বব্যাংকের হিসাবে যেসব মানুষের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলারের কম, তারাই অতিদরিদ্র। ২০১৭ সালের পণ্যের দাম হিসাব করে এ সংজ্ঞা নির্ধারণ করেছিল বিশ্বব্যাংক। যদিও তার পর সবকিছুর দাম বেড়েছে আরও কয়েকগুণ। অতিদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এডিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত