আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৩১ এএম

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে ভৈরব বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর ট্রমা সেন্টারসংলগ্ন আইভি রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা তৎকালীন জামায়াত-বিএনপি জোট সরকার মুক্তিযুদ্ধের চেতনায় লালিত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলা চালায়। সেদিন তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। বক্তারা এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্তদের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত