দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এলএলবিতে (ব্যাচেলর অব ল) শিক্ষার্থী ভর্তির সংখ্যা পুনর্নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি সেমিস্টারে ৫০ জনের পরিবর্তে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়।
দারুল ইহসান ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধের বিরুদ্ধে করা আপিল খারিজের রায়ে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি ভর্তি নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত দেয়।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, এ রায়ের পরেও কিছু বিশ্ববিদ্যালয় ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেয়। কিন্তু ভর্তি হওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পরীক্ষায় অংশ নেওয়ার জটিলতায় পড়েন। এর ধারাবাহিকতায় আপিল বিভাগের ওই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটিসহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সঙ্গে বার কাউন্সিলও এ রিভিউ আবেদনে পক্ষভুক্ত হয়।
গতকাল রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় হয়। রায়ে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের অতিরিক্ত ভর্তি হওয়া শিক্ষার্থীপ্রতি ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। আর এ জরিমানার অর্থ পরিশোধ করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও আইনজীবী এস এম কফিল উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
অ্যাডভোকেট আহসানুল করিম দেশ রূপান্তরকে বলেন, ২০১৭ সালে আপিল বিভাগের রায়ের পরেও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থের লোভে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে। ফলে বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে গিয়ে বিপাকে পড়েন অনেক শিক্ষার্থী।
