কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আদিয়া খাতুন নামের এক রোহিঙ্গা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহত আদিয়ার স্বামী নূর কামাল পলাতক রয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর এ ডি/৬ ব্লকের তাদের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন ২৫ নম্বর ক্যাম্প মাঝি নুরুল আমিন।
নুরুল আমিন বলেন, আদিয়া খাতুন (২৩) ও নুর কামালের (২৪) মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে কলহ চলে আসছিল বলে জানা গেছে। শুক্রবার জানতে পারলাম নিজ বসতঘরে সকাল ৯টার দিকে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে নুর কামাল স্ত্রী আদিয়া খাতুনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ২৫ নম্বর আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫ এ ডি/৬ ব্লক থেকে আদিয়া খাতুন নামের এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
