আগামী নয় এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে বসছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০ এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যোগ দেবেন না বলে জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার ক্রেমলিয়া বিষয়টি নিশ্চিত করে। সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওই সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি-২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না। তবে সশরীরে হাজির না হলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সম্মেলনে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট। প্রসঙ্গত, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আগের সোভিয়েত ইউনিয়নের সীমান্ত পার হননি পুতিন। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছিলেন তিনি। শেষ বার ২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন পুতিন।
×
