টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে জেলার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আর বিদায়ের সময় ফরিদুল ইসলাম সঙ্গে নিয়ে গেছেন থানায় লাগানো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, আইপিএস ও সোফা। এভাবে থানার জিনিসপত্র নিয়ে যাওয়ায় বিষয়টি সম্বন্ধে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে থানার সৌন্দর্যবর্ধনের জন্য যারা এসব জিনিস উপহার দিয়েছিলেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে থানার পুলিশ সদস্য উদয় ও আরিফ নামে একজন লোক এবং ভ্যানচালকের সহায়তায় থানার জিনিসপত্রগুলো খোলা হয়। এরপর সেগুলো ভ্যানে করে ওসির কোয়ার্টারে নেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত স্মারক নম্বর ৫১৭০/১(৪৯) (আরওআই) আদেশে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এই বদলির আদেশের পরদিন রাতে থানার এসি, টেলিভিশন, সোফা ও আইপিএস খুলে ওসির কোয়ার্টারে নেওয়া হয়।
থানায় উপহার দেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দেশ রূপান্তরকে বলেন, ‘এই জিনিসপত্র ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হয়নি। থানায় যে ওসি আসবেন তিনি ব্যবহার করবেন, এজন্যই জিনিসপত্রগুলো কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল। তিনি এত নীচু মনমানসিকতার ওসি সেটা জানা ছিল না।’ থানার পুলিশ সদস্য উদয় বলেন, ‘ওসি স্যারের নির্দেশে জিনিসপত্রগুলো খুলে নেওয়া হয়েছে। এরপর সেগুলো ভ্যানে করে ওসির কোয়ার্টারে রাখা হয়েছে।’
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুরান মণ্ডল বলেন, ‘থানার সৌন্দর্যবর্ধনের জন্য এবং থানায় যেই ওসি আসুক তারা যেন সুবিধাটা ভোগ করতে পারেন সেজন্য বালুমহালের টাকা দিয়ে জিনিসপত্রগুলো কিনে দেওয়া হয়েছিল। এটা থানার স্বার্থে দেওয়া হয়েছে, কারও ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। শুনেছি তিনি (বদলি হওয়া ওসি ফরিদুল) সেগুলো খুলে নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না। তাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি, ওসির চেয়ারটাকে সম্মান করে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, ‘ওসির টাকায় কেনা জিনিসপত্র হলে তিনি নিতেই পারেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
তবে বদলি হওয়া ওসি ফরিদুল ইসলামের দাবি খুলে নেওয়া জিনিসপত্র তার নিজের টাকায় কেনা। তিনি বলেন, ‘যেগুলো থানা থেকে খোলা হয়েছে সেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। সুতরাং সেগুলো আমি নিতেই পারি।’
এ ব্যাপারে জানতে চাইলে কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন শরিফ বলেন, ‘জিনিসপত্রগুলো ওসির ব্যক্তিগত টাকায় কেনা হলে নিতে পারবে। তবে থানায় দেওয়া অন্যের জিনিসপত্র তিনি নিতে পারবেন না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
আর জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘কারও অনুদানের টাকায় কিনে থাকলে সেগুলো ওসি নিতে পারেন না। যদি ব্যক্তিগত টাকায় কেনা হয় তাহলে নিতে পারবেন। যদিও এ বিষয়ে কিছুই জানি না।’
