সাঈদীর শোকে কবিতা, আ.লীগ নেতা বহিষ্কার

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৫৮ এএম

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় সিরাজগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সকালে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুসকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতি আহাম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে গত ১৫ আগস্ট একটি কবিতা লিখেছেন আবদুল কুদ্দুস। পরে তিনি কবিতাটি তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি আওয়ামী লীগের নেতা হয়েও জাতীয় শোক দিবস নিয়ে কোনো পোস্ট দেননি। ফলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নিজ ফেসবুক আইডিতে কবিতা পোস্ট করে শোক প্রকাশ করেন আবদুল কুদ্দুস। ওই পোস্ট দিয়ে তিনি দলের আদর্শ পরিপন্থী কাজ করেছেন। বিষয়টি আমাদের নজরে আসার পর আজ (গতকাল) সকালে এনায়েতপুরের দলীয় কার্যালয়ে এ-সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ বরাবর একটি পত্র পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত