শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দেশের ৬৪ জেলা থেকে সমাবেশে অন্তত ৫ লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাকর্মীরা।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ‘দেশে বহু সভা, সমাবেশ, জমায়েত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। এ কারণে আমরা বলছি, আগামী ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন।’
তিনি বলেন, ছাত্রলীগ ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে, যার মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে।
সাদ্দাম আরও বলেন, ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে বিএনপি-জামায়াতের জন্য একটি আলটিমেটাম। এই সমাবেশে ছাত্রলীগ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনীতির মাধ্যমে পরাজিত করতে চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সংগঠনের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।
