রাজধানীতে ১ সেপ্টেম্বর শোভাযাত্রা করবে বিএনপি

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৬ এএম

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। গতকাল শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

ডিএমপি কমিশনার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটর পর্যন্ত বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শান্তিপূর্ণ র‌্যালিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে ও শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। কবি নজরুল ইসলাম তার সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার কবিতা, গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত