‘জামিন না দিয়ে আত্মসমর্পণের নির্দেশ নয়’

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:০০ এএম

ফৌজদারি মামলায় হাইকোর্টে কেউ আগাম জামিন চাইলে তাকে জামিন না দিয়ে শুধু আত্মসমর্পণের নির্দেশ দেওয়া যাবে না, এমন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বিভাগ ১৩ বছর আগে সর্বোচ্চ আদালতের একটি মামলার রায় উল্লেখ করে এ নির্দেশ দেয়।

আদালত এ সময় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় এক দম্পতিকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে। একই সঙ্গে তাদের নতুন করে ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

আদালতে ওই দম্পতির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।

আইনজীবী সূত্রে জানা গেছে, ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুরে একটি বাসার ভবন থেকে পড়ে সাত বছরের এক শিশু গৃহকর্মী আহত হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ৮ আগস্ট হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই দম্পতি। আদালত তাদের জামিন না দিয়ে ছয় সপ্তাহের মধ্যে অধস্তন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে এ আদেশ ও নির্দেশনা আসে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ২০১০ সালে ‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু’ মামলার রায়ে আপিল বিভাগের নির্দেশনা ছিল, কোনো আসামি আগাম জামিন চাইলে এবং তা না দিয়ে শুধু আত্মসমর্পণের নির্দেশ দেওয়া যাবে না। এই মামলায় আত্মসমর্পণের আদেশের বিষয়টির অসংগতি উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। আজ (গতকাল) আপিল বিভাগ সেই রায়টি উল্লেখ করে দুজনকে আত্মসমর্পণের নির্দেশটি বাতিল করেছে। তাদের এখন আবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, ‘১৩ বছর আগে আপিল বিভাগের রায়ে বলা হয়েছিল, কেউ আগাম জামিন চাইলে হয় জামিন দেবে, কিন্তু কোনো নির্দেশনা দেওয়া যাবে না। ইতিমধ্যে অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। আদালত হাইকোর্টের নির্দেশনা এবং আত্মসমর্পণ করে পাওয়া জামিন বাতিল করেছে। তবে এখন আত্মসমর্পণ করলে জামিন যেন বিবেচনা করা হয়, সেটিও বলেছে আপিল বিভাগ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত