সিলেটে ১৬০ মিলিমিটার বৃষ্টি

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। আজ সকাল ৬টা পর্যন্ত সেখানে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ ছাড়া টেকনাফে ১১৩, কুমিল্লায় ৮৬, কুতুবদিয়ায় ৭৭, চট্টগ্রামে ৬০, হাতিয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংস্থাটি বলছে, পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার (২৮ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলি, সিলেট ও বান্দরবানে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজ্যস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত