বিদেশে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সব অনলাইন থেকে সরাতে হাইকোর্টের দেওয়া আদেশ প্রত্যাখ্যান করেছে দলটি।
গতকাল মঙ্গলবার উচ্চ আদালতের ওই আদেশের পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, ‘তারেক রহমানের বক্তব্য সব অনলাইন থেকে সরানোর উচ্চ আদালতের আদেশ প্রত্যাখ্যান করেছে বিএনপি। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাপূরণের রায়।’
রিজভী বলেন, ‘তারা গণতন্ত্রকে মুছে ফেলতে চান, নিশ্চিহ্ন করতে চান বলেই গণতন্ত্রের পক্ষের যে প্রধান কণ্ঠস্বর তারেক রহমানের সমস্ত কথা, বক্তব্য ইউটিউব, ফেসবুকসহ সমস্ত সামাজিক মাধ্যম ও অনলাইন থেকে সরাতে চাচ্ছে। এ ক্ষেত্রে শেখ হাসিনা আদালতকে ব্যবহার করছেন। আর আদালতের বিচারকরা শেখ হাসিনার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কাজটি করেছেন।’
