এইচআরডব্লিউর বিবৃতি

জাতিসংঘের প্রস্তাব মেনে গুমের তদন্ত করুন

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৩:২২ এএম

গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশকে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।

এইচআরডব্লিউর ভাষ্য, ২০২২ সালের আগস্টে বাংলাদেশ সফর করেছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তৎকালীন হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। সে সময় তিনি বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য একটি স্পেশালাইজড মেকানিজম প্রতিষ্ঠায় সাহায্যের প্রস্তাব দিয়েছেন। কিন্তু বাংলাদেশ সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে জোরপূর্বক গুমের ঘটনার তদন্তে স্বাধীন কমিশনকে সমর্থন করার জন্য বাংলাদেশ কর্র্তৃপক্ষের উচিত জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। অবশ্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে বলপূর্বক গুমের ঘটনার অভিযোগ কর্র্তৃপক্ষ বারবার অস্বীকার করছে এবং এর পরিবর্তে নিখোঁজরা নিজে থেকেই আত্মগোপনে রয়েছেন বলে দাবি করে আসছে।

বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের বরাত দিয়ে এইচআরডব্লিউ বলছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে ২০০৯ সাল থেকে ৬০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। কিছু লোককে পরে মুক্তি দেওয়া ও আদালতে হাজির করা বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সময় মারা গেছে বলে বলা হলেও এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গুমসংক্রান্ত সনদ ছাড়া জাতিসংঘের সব মূল মানবাধিকার সনদে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। সংস্থাটির এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, বাংলাদেশ সরকার যদি তার নিপীড়ক বাহিনীর ওপর থেকে মানবাধিকারসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আন্তরিক হয়ে থাকে, তাহলে জবাবদিহির ব্যাপারে তার দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। এ কথা স্বীকার করার মাধ্যমে জবাবদিহি শুরু হয় যে, গুমের ঘটনা ঘটছে আর স্বচ্ছ ও স্বাধীনভাবে এসব অভিযোগের তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত