নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পদযাত্রা ও সমাবেশ করেছে। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি।
সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনের নামে আর কোনো জাতীয় পর্যায়ের প্রতারণা বরদাশত করা হবে না। নির্বাচনের নামে প্রহসন দেশের মানুষ মানবে না। গণ আন্দোলনের মধ্য দিয়ে অতীতের মতোই স্বৈরতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে মানুষ ভোটের অধিকার পুনরুদ্ধার করবে।
তিনি বলেন, স্বাধীন দেশে রক্তের বিনিময়ে বারবার ভোটের অধিকার পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমান সরকার ও রাতের ভোটের সংসদ বলবৎ রেখে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার কোনো বিকল্প নেই।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর খিলগাঁও রেলগেট থেকে তালতলা মার্কেট হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশে সিপিবি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবি শাজাহানপুর শাখার সহ-সম্পাদক জাহিদ নগর, খিলগাঁও শাখার নেতা হাবিব হাসিবুর রহমান, গোড়ান শাখার সহ-সম্পাদক অনিক রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে সরকার বাজার সিন্ডিকেটের হোতাদের পাহারাদারের ভূমিকা পালন করছে অন্যদিকে সরকারপ্রধান দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত-আর্ত মানুষের সাথে একের পর এক তামাশা করে চলেছেন। প্রধানমন্ত্রীর অব্যাহত অসংবেদনশীল মন্তব্য, মানুষের দুর্দশা নিয়ে হাসি-ঠাট্টার উপযুক্ত জবাব দিতে দেশের মানুষ মুখিয়ে আছে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের তিন জোটের রূপ রেখার সাথে বিগত দিনে ক্ষমতাসীন দলগুলো বিশ্বাসঘাতকতা করেই আজকের পরিস্থিতি সৃষ্টি করেছে। সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে তীব্র রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
