নানির লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নাতির

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ এএম

ঢাকার একটি হাসপাতালে মারা গিয়েছেন বৃদ্ধা নানি। লাশবাহী ফ্রিজিং গাড়িতে নানির মরদেহ নিয়ে দিনাজপুর যাচ্ছিলেন নাতি হৃদয় মাহিন আলভি। গাড়ির সামনে চালকের পাশে বসে ছিলেন তিনি। তবে নানির মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় লাশবাহী গাড়িটি। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলভিকে মৃত ঘোষণা করা হয়। লাশবাহী গাড়ির চালক মিঠুন মিয়ার (৩৫) হাত ভেঙে গেছে।

হৃদয় মাহিন আলভি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ি এলাকার মেফতাহুল রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন লাশবাহী গাড়িটির চালক মিঠুন মিয়া ল্যাব এইড মেডিকেলের লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক হিসেবে কর্মরত। এদিকে ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তৈয়ব আলী খান জয় (৪৪) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া (৫৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :

নানির মরদেহ নিয়ে বাড়ি ফেরা হলো না : ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, মহাসড়কের পাশে দিনাজপুরমুখী অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশবাহী গাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ ছিল।

নিহত আলভির মামা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) শফিকুর রহমান বলেন, ‘আমার মা চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে মারা যান। আমার মায়ের মরদেহ গাড়িতে দিনাজপুর নিয়ে যাওয়া হচ্ছিল। লাশবাহী গাড়িতে আমার ভাগনে ছিল। দুর্ঘটনায় সে মারা গেল। দুটি শোকে আমার পরিবার দিশেহারা।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ বলেন, ‘দুর্ঘটনায় পতিত লাশবাহী গাড়িটির চালক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার একটি হাত ভেঙে গেছে।’

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধা এবং সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ পরিবার দিনাজপুরের নিয়ে গেছেন। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষকের : ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মো. তৈয়ব আলী খান জয় (৪৪) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

তিনি আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। গত বৃহস্পতিবার সকালে শিক্ষক তৈয়ব আলী ফরিদপুর জেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন। ঢাকার একটি হাসপাতালে রাত সোয়া ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চৌদ্দগ্রামে পিকআপ চালক নিহত : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া (৫৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।

গতকাল দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত