নাশকতার প্রস্তুতির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতের আমিরসহ ১৫ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চন এলাকায় একটি মসজিদের ভেতরে গোপন বৈঠকের সময় তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
চাইলাউ মারমা, নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে জামায়াতের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার এশার নামাজের সময় ওই মসজিদে জামায়াতের নেতাকর্মীরা একটি সাংগঠনিক বৈঠক বসেছিল। নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পরে সেখান থেকে জামায়াতের ১৫ জন নেতাকে আটক করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
