বিয়ে করতে বলায় লিভ ইন পার্টনারকে খুন করলেন প্রেমিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

লিভ ইন পার্টনারকে আবারও খুন! বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন সঙ্গী। তার জেরেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তীসগঢ়ের দুর্গ জেলায়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (০১ আগস্ট) এ ঘটনার কথা প্রকাশ্যে আসে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুর্গা ধৃতলহরে বিবাহিত। পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। বেদমতী বর্মা নামে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। বেদমতী ডিভোর্সি ছিলেন। থাকতেন একাই। গত কয়েক দিন ধরে তার সঙ্গে লিভ ইন করছিলেন দুর্গা। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বেদমতী। ওই সংস্থার নিরাপত্তারক্ষী দুর্গা। সেই সূত্রেই তাদের পরিচয়।

তদন্তকারীরা জানিয়েছেন, দুর্গাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বেদমতী। এ নিয়ে প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হত। আর সেই কারণেই দুর্গা তাকে খুন করেন বলে অভিযোগ। নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হয় বেদমতীর মরদেহ।

পুলিশের দাবি, অভিযুক্ত দুর্গা জিজ্ঞাসাবাদে প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেছেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত বছর দিল্লিতে লিভ ইন পার্টনার আফতাবের হাতে খুন হন শ্রদ্ধা ওয়ালকর। খুনের পর তার মরদেহ টুকরা টুকরা করে বিভিন্ন এলাকায় ফেলা হয় বলে অভিযোগ। এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে। তারপর লিভ ইন পার্টনারকে খুনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় এ বার জুড়ল ছত্তীসগঢ়ের ঘটনা।

সূত্র: ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত