অবসরের পাঁচ বছর পর পরিচালক হতে পারবেন ব্যাংকাররা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ এএম

কোনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরের পর কখনোই একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ পেতেন না। কিন্তু সেই শর্ত শিথিল কর নতুন করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যেকোনো ব্যাংকের একজন কর্মকর্তা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন। তবে অবসর গ্রহণের পর থেকে কমপক্ষে পাঁচ বছর অতিক্রম করতে হবে। অর্থাৎ নতুন বিধিমালা অনুযায়ী কোনো ব্যাংকের একজন যোগ্য কর্মকর্তা শর্ত পূরণ সাপেক্ষে অবসরের পাঁচ বছর পর ব্যাংকের পরিচালক হতে পারবেন। আর পরিচালকদের মধ্যে থেকে পর্ষদ সভায় সেই পরিচালক চেয়ারম্যানও হতে পারবেন। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। আবার ব্যাংকের পরিচালনা পর্ষদ চাইলে সেই কর্মকর্তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার অধিকার রাখে। এ বিষয়ে এবিবির সাবেক চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক গুরুত্ব বহন করে। নতুন নির্দেশনার ফলে ব্যাংকের যোগ্য কর্মকর্তাদের ব্যাংক পরিচালনায় অংশগ্রহণের সুযোগ অবারিত করা হয়েছে। ব্যাংকিংয়ের সরাসরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংক খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত