পিরোজপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্র্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের বৈধতা নিয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। রুলের ওপর শুনানি শেষে গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
এ রায়ের ফলে পিরোজপুর-১ ও ২ আসনে সীমানা পুনর্নির্ধারণে ইসির সিদ্ধান্ত বহাল রইল বলে জানান সংস্থাটির আইনজীবীরা। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শম রেজাউল করিম। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর-১ আসনটি ছিল সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে। পিরোজপুর-২ ছিল কাউখালী, ভা-ারিয়া ও ইন্দুরকানী উপজেলা নিয়ে। গত ১ জুন সীমানা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে সীমানা পরিবর্তন করে পিরোজপুর-১ থেকে নেছারাবাদকে বাদ দিয়ে সেখানে পিরোজপুর-২ আসনের ইন্দুরকানী উপজেলাকে যুক্ত করা হয়। অন্যদিকে নেছারাবাদকে পিরোজপুর-২ আসনে যুক্ত করা হয়।
ইসির এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে কাউখালীর কয়েকজন বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির এ গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দেয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, এমকে রহমান, সাঈদ আহমেদ রাজা। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন মিয়াজী।
অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্ট রুলটি খারিজ করেছে। এ রায়ের ফলে সীমানা পুনর্নির্ধারণ করে ইসির গেজেটটি বহাল রয়েছে।
