কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাই হওয়া পৌনে ২ কোটি টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গত রবিবার রাতে স্থানীয় মোহন সিন্ডিকেট পেট্রোলপাম্পের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ এলাকার সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। পথে দাউদকান্দি উপজেলার মোহন সিন্ডিকেট পাম্পের গ্যাস নিতে গেলে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ব্যবসায়ীর ১ কোটি ৭৬ লাখ নিয়ে যায়। পুলিশ গতকাল সোমবার বিকেলে দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানার বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে।
সিএনজি পাম্পে রাতে দায়িত্ব পালনকারী নজেলম্যান মো. আসিফ বলেন, ‘রাত আনুমানিক দেড়টার দিকে আমি অন্য গাড়িতে গ্যাস দিচ্ছিলাম। ওই সময় সাদা প্রাইভেট কারের যাত্রীরা এসে বলে যে তাদের গাড়ি থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে গেছে।’
দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের একাধিক টিম নিয়ে কাজ শুরু করি। দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি সোহেলের সদর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাক উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
