রাজধানীর পল্টনে একটি ব্যাংকে এসি সার্ভিসিংয়ের সময় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সমিত মিত্র (২৬) ও ইসলাম হোসেন (৪৫)। অপরজন হলেন ভিন্ন একটি প্রতিষ্ঠানের আইটি সেক্টরের কর্মী মো. হাফিজুর রহমান (২৮)। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনি কণ্ঠ হাওলাদার জানান, তাদের প্রতিষ্ঠানটি মিরপুর ১২ নম্বর সেকশনে। এসি সার্ভিসিং এর জন্য সমিত এবং ইসলাম গিয়েছিলেন পল্টনে আইএফআইসি ব্যাংকে। সেখানে এসির কাজ করার সময় কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। সেখান থেকে তাদেরকে প্রথমে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সমিতের মুখমণ্ডল, হাতসহ সমস্ত শরীরে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর। এছাড়া ইসলামের কপালে ও হাতে, আর হাফিজুরের পেটে জখম রয়েছে। তাদেরকে শঙ্কামুক্ত বলা যায়। এসির কম্প্রেসার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে তাদের কাছ থেকে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখতে ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।
