ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নির্মাণকাজ শেষ এক সপ্তাহের ব্যবধানে দুইবার উদ্বোধন করেছেন স্থানীয় এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিষয়টিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোটের অন্যতম শরিক জাসদের বিরোধ প্রকাশ্য রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। ঘটনাটিকে নিয়ে স্থানীয় এমপি ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এবং ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল বিভাগ। ভবনটির নির্মাণকাজ শেষ হলে গত ৩১ আগস্ট ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের (ইনু) কেন্দ্রীয় নেত্রী শিরীন আখতার ওই ভবনটি উদ্বোধন করেন। এর পাঁচ দিন পর গত মঙ্গলবার ফের ওই ভবনটি উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
৩১ আগস্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসের মো. রেজার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে নামফলক উম্মোচন করেন প্রধান অতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, বিশিষ্ট কবি সাহিত্যিক ওবায়েদ মজুমদার, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুবলীগ নেতা প্রিন্স।
এদিকে একই ভবন উদ্বোধনের জন্য মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে প্রধান অতিথি থেকে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ফের ভবনটিতে নতুন নামফলক লাগিয়ে উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসের মোহাম্মদ রেজা নান্টুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলমর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেল, সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ঈসলাম মামুন, নুরুল হক প্রমুখ।
ঠিক কী কারণে একটি ভবন দুবার উদ্বোধন করা হয়েছে তা জানতে বারবার মুঠোফোনে চেষ্টা করেও স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন পাটোয়ারীর বক্তব্য জানা যায়নি।
ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জানান, ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আমি প্রধান অতিথি থেকে ভবনটির উদ্বোধন করি। ওই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, বিশিষ্ট্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঠিক কী কারণে ভবনটি ফের উদ্বোধন করা হয়েছে তা আমার বোধগম্য নয়।
একই ভবন ফের উদ্বোধনের বিষয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, ভবনটি ৫ সেপ্টেম্বর উদ্বোধন করার বিষয়ে পূর্বেই দিনক্ষণ নির্ধারিত ছিল। কিন্তু কী কারণে আমি ঢাকায় থাকাকালে তড়িঘড়ি করে ৩১ আগস্ট ভবনটি উদ্বোধন করা হয়েছে আমি জানি না। পূর্ব নির্ধারিত তারিখেই আমি এটি উদ্বোধন করেছি।
