রাজধানীতে এসি বিস্ফোরণে তিনজন আহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ এএম

রাজধানীর পল্টনে একটি ব্যাংকে এসি সার্ভিসিংয়ের সময় কম্প্রেশার মেশিন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সমিত মিত্র (২৬) ও ইসলাম হোসেন (৪৫)। অন্যজন হলেন এমএসএল নামে একটি প্রতিষ্ঠানের আইটি সেক্টরের কর্মী মো. হাফিজুর রহমান (২৮)।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনি কণ্ঠ হাওলাদার জানান, তাদের প্রতিষ্ঠানটি মিরপুর ১২ নম্বর সেকশনে। এসি সার্ভিসিংয়ের জন্য সমিত এবং ইসলাম গিয়েছিলেন পল্টনে আইএফআইসি ব্যাংকে। সেখানে এসির কাজ করার সময় কম্প্রেশার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। সেখান থেকে তাদের প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢামেকে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সমিতের মুখম-ল, হাতসহ সমস্ত শরীরে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর। এ ছাড়া ইসলামের কপালে ও হাতে, আর হাফিজুরের পেটে জখম রয়েছে। তাদের শঙ্কামুক্ত বলা যায়। এসির কম্প্রেশার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের কাছ থেকে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখতে ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত