তীব্র গরমে ইউএস ওপেন, ক্ষোভ ঝাড়লেন মেদভেদেভ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম

নিউ ইয়র্কে তীব্র গরমের মাঝেই চলছে ইউএস ওপেনের খেলা। খেলোয়াড়দের কারও কারও জন্য যা বেশ অসহনীয় হয়ে পড়েছে। সেমিফাইনাল নিশ্চিত করে রুশ তারকা দানিল মেদভেদেভ যেমন এনিয়ে ক্ষোভে ফেটে পড়লেন।

বুধবার স্বদেশি আন্দ্রে রুবলেভকে ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের শেষ চার নিশ্চিত করেন মেদভেদেভ। খেলা চলাকালে নিউ ইয়র্কের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

মেদভেদেভ ও রুবলেভ দুজনেরই বেশ কষ্টই হচ্ছিল খেলতে। তিন নম্বর সেটের খেলা চলাকালীন ক্যামেরার সামনে গিয়ে সরাসরি তিনি বলেন, ‘একজন খেলোয়াড় মরতে যাচ্ছে, আর আপনি এরপর তা দেখতে যাচ্ছেন...।’

একই দিন ম্যাডিসন কিস ও মার্কেটা ভোনদ্রৌসোভার মধ্যকার মেয়েদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে তো গ্যালারিতে একজন দর্শক অসুস্থই হয়ে পড়েন।

ম্যাচ শেষে মেদভেদেভ আরও বলেন, ‘এখানকার কন্ডিশন এবং টোকিও অলিম্পিকের কথা বলব, খুবই বর্বর। একটা মাত্র ভালো দিক আমি দেখছি, উভয় খেলোয়াড়কেই ভুগতে হচ্ছে। এটা আমাদের দুজনের জন্যই কঠিন।’

খেলতে কতটা কষ্ট হয়েছে সেটি ‍তুলে ধরে মেদভেদেভ বলেন, ‘প্রথম সেটের শেষে আমি আর বল দেখতে পাচ্ছিলাম না। আমি সতর্কতার সঙ্গে খেলার চেষ্টা করেছি। বলের সঙ্গে যাওয়া, দৌড়ানো, বল ধরার চেষ্টা করা... এবং সেও (রুবলেভ) মাঝে মাঝে সেটাই করছিল। তৃতীয় সেটে কিছুক্ষণের মধ্যেই সে বিরতি নেয়। তখন ঠান্ডা সাওয়ারের নিচে যেতে আমার তর সইছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন বাইরে আসবেন, তখন আর নড়াচড়া করতে পারবেন না। কারণ হয় আপনার শরীর আর সাড়া দেবে না, অথবা আপনি যেমন ছিলেন তার চয়ে ভালো বোধ করতে থাকবেন।’

ফাইনালে ওঠার লড়াইয়ে মেদভেদেভ খেলবেন শিরোপাধারী কার্লোজ আলকারাজের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত