রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের সমাবেশ ও নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের রায় পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণার কথা ছিল। ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায়ের জন্য নতুন করে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এ মামলায় গত ২৪ আগস্ট যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেছিল আদালত।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তা-বের পর তাদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহতের তথ্য প্রকাশ করে অধিকার। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন গুলশান থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ।
