গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে ওই নারীবন্দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই বন্দি জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী কছিরন (৪৫)।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানায় হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন কছিরন। দুপুরে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিকাল তিনটার দিকে কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, কারাগারে অসুস্থ থাকা অবস্থায় কছিরনকে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ১৯ আগস্ট তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আগে থেকেই কছিরন অসুস্থ্য ছিল। আগামী ২ থেকে ৩ দিনপর তাকে আবার হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
