বিএনপি ডেঙ্গুর চেয়েও অনেক মারাত্মক : তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মশা তো আওয়ামী লীগ বিএনপি চীনে না, সবাইকে কামড়ায়। এ পর্যন্ত যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা সবাই দলমত নির্বিশেষে আক্রান্ত হয়েছেন। এডিস মশা কামড়ায় আর বিএনপি পোড়ায়। দেখা যাচ্ছে ডেঙ্গু মারাত্মক, কিন্তু বিএনপি তার চেয়েও মারাত্মক। তাই এ দুটো থেকে সাবধান থাকতে হবে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা একসময় করোনার টিকা নিয়ে অপপ্রচার করেছিলেন। পরে তারা কেউ রাতের আঁধারে কেউবা প্রকাশ্যে গিয়ে টিকা নিয়েছেন। এখন তারা ডেঙ্গু নিয়ে অপপ্রচারে মেতেছেন। তারা এডিস মশার জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন। শত অপপ্রচারের মধ্যেও সরকার করোনা মোকাবিলায় সফল হয়েছে। মানুষকে সতর্ক করা, টিকা দেওয়া সব ক্ষেত্রে আমরা বিশ্বের রোলমডেল হয়েছি। কাজেই ডেঙ্গু মোকাবিলায়ও আমরা সফল হবো।’

বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের নতুন উচ্চতার সম্পর্ক বিদ্যমান বলে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘জি-২০ সম্মেলনে এ উপমহাদেশ থেকে বাংলাদেশ ছাড়া কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। জি-২০-এর বর্তমান সভাপতি ভারত। আর ভারত এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া পাশর্^বর্তী কাউকে আমন্ত্রণ জানায়নি।’

তথ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সে সংলাপের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক রয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসাসেবার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘সেবা দেওয়ার ক্ষেত্রে এ হাসপাতাল দেশে অনন্য নজির স্থাপন করেছে, মানুষের আস্থা অর্জন করেছে। বেসরকারি হাসপাতাল ছাড়িয়ে এ হাসপাতাল বর্তমানে সরকারি হাসপাতালের সঙ্গে সেবাদান বিষয়ে প্রতিযোগিতা করছে। এ মানসিকতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নার্সিং কার্যক্রম জোরদার করতে হবে। মন্ত্রী হাসপাতালের যাবতীয় কার্যক্রমে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

হাসপাতাল পরিচালনা পর্ষদ সভাপতি মো. রেজাউল করিম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. ইসমাইল খাঁন, হাসপাতাল কার্যনির্বাহী পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ, ডা. অসীম কুমার বড়ুয়া প্রমুখ বক্তৃতা করেন। পরে মন্ত্রী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত