চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৩৪ দশমিক ৩ শতাংশ। এই মাসে দেশে ৪০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩৭৮ জন এবং আহত হয় ৭৯৪ জন। এর আগে গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হয়েছিল। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন থেকে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক পরিসংখ্যান প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় গত আগস্টে নিহত ৩৭৮ জনের মধ্যে নারী ৪৪ জন ও ৫১ শিশু রয়েছে। ৪০৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ১৪৬ জন, যা নিহতের ৩৮ দশমিক ৬২ শতাংশ। পথচারী নিহত হয়েছে ৯৩ জন, যা মোট নিহতের ২৪ দশমিক ৬০ শতাংশ। যানবাহনের চালক ও তাদের সহকারী নিহত হয়েছে ৫৭ জন, যা মোট নিহতের ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এদিকে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি কমলেও তা টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না বলে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ সড়ক পরিবহন ব্যবস্থাপনায় তেমন কোনো উন্নতি ঘটেনি।
প্রতিবেদন বিশ্লেষণ করে আরও দেখা যায়, গত আগস্ট মাসে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৯ জন এবং নিখোঁজ রয়েছে ছয়জন। অন্যদিকে রেলপথে ২৮টি দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু ও ১৯ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনার তথ্য-বিশ্লেষণে দেখা গেছে, ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে, ৩৭টি শহরের সড়কে এবং চারটি দুর্ঘটনা অন্যান্য স্থানে ঘটেছে।
গত আগস্ট মাসে ঘটা দুর্ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে ৩৫ দশমিক ৪৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৩৩ দশমিক ৩৩; রাজশাহী বিভাগে ১১ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১০ দশমিক ৫৮; চট্টগ্রামে ১৩ দশমিক ১৫ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১৫ দশমিক শূন্য ৭; খুলনায় ১৩ দশমিক ৮৯ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১৪ দশমিক ৮১; বরিশালে ৭ দশমিক ৬৯ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৬ দশমিক ৬১; সিলেটে ৪ দশমিক ৭১ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৪ দশমিক ২৩; রংপুরে ৯ দশমিক ১৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১০ দশমিক ৩১ এবং ময়মনসিংহ বিভাগে ৪ দশমিক ৭১ শতাংশ দুর্ঘটনায় ৫ দশমিক শূন্য ২ শতাংশ প্রাণহানি হয়েছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে; ১৪৩টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১২৬ জন। সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যাতে ১৬ জনের প্রাণহানি হয়েছে। আর একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়।
