আফগানিস্তানে বেড়েছে মেথ উৎপাদন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মেথামফেটামিন উৎপাদনকারী দেশ আফগানিস্তান। জাতিসংঘের ড্রাগ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তান এখন প্রধান আফিম উৎপাদনকারী দেশ এবং হেরোইনের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও তালিবান সরকার ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর জানিয়েছে, আফগানিস্তানে মেথ মূলত বৈধভাবে পাওয়া পদার্থ থেকে তৈরি হয়। বনে বেড়ে ওঠা এফেড্রা উদ্ভিদ থেকেও আহরণ করা হয় এটি। প্রতিবেদনে আফগানিস্তানের মেথ উৎপাদনকে জাতীয় ও আঞ্চলিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি বলে অভিহিত করা হয়েছে। এটি সিন্থেটিক ড্রাগের বাজার এবং জ্বালানি আসক্তিকে ব্যাহত করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও পূর্ব আফ্রিকাতে আফগানিস্তান থেকে আসা সন্দেহভাজন মেথ জব্দের খবর পাওয়া গেছে। দেশটির অভ্যন্তরে বার্ষিক মেথ জব্দের পরিমাণ ২০১৯ সালে ১০০ কিলোগ্রামেরও কম ছিল। ২০২১ সালে তা বেড়ে প্রায় ২৭০০ কিলোগ্রাম হয়েছে, যা উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত দেয়।

ইউএনওডিসির রিসার্চ অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস শাখার প্রধান অ্যাঞ্জেলা মি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আফগানিস্তানে হেরোইন বা কোকেইন উৎপাদনের চেয়ে মেথ তৈরির বেশ কিছু সুবিধা রয়েছে।

তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বার্তা সংস্থা এপিকে বলেছেন, তালিবান সরকার আফগানিস্তানে সব ধরনের মাদকদ্রব্যের চাষ, উৎপাদন, বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করেছে। প্রায় ৬৪৪টি কারখানা এবং ১২ হাজার একর জমি ধ্বংস করা হয়েছে যেখানে নিষিদ্ধ মাদক চাষ, প্রক্রিয়াকরণ বা উৎপাদিত হত। তাছাড়া পাঁচ হাজারেরও বেশি অভিযান চালিয়ে ৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে তালিবান।

গত বছরের নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, তালিবান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে আফিম চাষ আগের বছরের তুলনায় ৩২% বেড়েছে। ২০২২ সালের এপ্রিলে কর্তৃপক্ষ আফিম চাষ নিষিদ্ধ করার ঘোষণা করে। এরপর আফিমের দাম বেড়ে যায়। তবে আফিম বিক্রি থেকে কৃষকদের আয় ২০২১ সালে ৪২.৫ কোটি ডলার থেকে তিনগুণ বেড়ে ২০২২ সালে ১৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: এপি, ভয়েজ অব আমেরিকা

আরও পড়ুন:টাকা না পেয়ে শ্বশুরের পুরুষাঙ্গ কেটে নিলেন পুত্রবধূ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত