হাতে-কলমে বিতর্ক শিখল শিক্ষার্থীরা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয় বুকে ধারণ করে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো ১৯তম বিতর্ক বিষয়ক কর্মশালা-২০২৩। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে ‘মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব’ এই বিতর্ক কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার মাধ্যমে হাতে-কলমে বিতর্ক শিখল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। গত ৩ থেকে ৫ সেপ্টেম্বর, তিন দিনের এই কর্মশালায় নবম ও একাদশ শ্রেণির চার শতাধিক উদীয়মান বিতার্কিক অংশগ্রহণ করে। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ও বিশিষ্ট বিতার্কিক শাফায়েত উদ্দিন।

৩ সেপ্টেম্বর কর্মশালার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।

৪ সেপ্টেম্বর দ্বিতীয় দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বিতার্কিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।

৫ সেপ্টেম্বর সমাপনী দিন, কর্মশালায় অংশগ্রহণকারী নবীন বিতার্কিকদের সঙ্গে আধুনিক বিতর্কের নানাবিধ কৌশল নিয়ে কথা বলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। সমাপনী বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর শাফায়েত উদ্দিন। এ সময় তিনি গঠনমূলক বিতর্ক, কাঠামো, শব্দ চয়ন, বিতর্কের পরিকল্পনা, কৌশল ইত্যাদি বিষয়ে নবীন বিতার্কিকদের সম্যক ধারণা দেন।

কর্মশালার সমাপনী দিনের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় বেহালা বাদক সালাউদ্দিনের অনবদ্য পরিবেশনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত