টাঙ্গাইলের ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন (৫৮) গত রবিবার সকাল ১০টায় ঢাকার গুলশান-২ এলাকায় রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর শুনে বড় ভাই আবুল হোসেনও (৭০) সন্ধ্যায় মারা যান।
শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবু সাদত বিপলু জানান, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন গত শুক্রবার সপরিবারের ঢাকায় যান। রাতে বড় ভাই আবুল হোসেনের বাসায় ছিলেন। ১০ সেপ্টেম্বর সকালে শিক্ষা বোর্ডে যাওয়ার পথে গুলশান-২ এলাকায় রাস্তায় হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তার বড় ভাই আবুল হোসেন অসুস্থ থাকায় প্রথমে তাকে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ জানানো হয়নি। কিন্তু সন্ধ্যায় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তিনিও হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
