কৃষিজমি কেটে বিক্রি, গ্রেপ্তার ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ এএম

ঢাকার সাভারে জোর করে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন একটি জমির ভুক্তভোগী মালিক। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার ভোরে কাউন্দিয়া এলাকায় কফিল ব্রিকসের পাশে ফসলি জমির মাটি কাটার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রবিবার রাতে সাভার মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন জমির ভুক্তভোগী মালিক আলতাফ হোসেন।

গ্রেপ্তাররা হলো সাভারের হেমায়েতপুরের আলমনগর হাউজিং এলাকার বশির উদ্দিন মিঠু (৪০) ও কাউন্দিয়া এলাকার মতিউর রহমান (৪৩)।

এ মামলার বাকি আসামিরা হলেনÑ সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম রিকু (৩৯), মধ্য কাউন্দিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ইউনুস (৪৪) ও বড়দেশী এলাকার মৃত জহিরের ছেলে মামুন (৪২)।

এজাহারে বলা হয়, সাত বছর আগে উত্তর কাউন্দিয়া এলাকায় ৪৭ শতাংশ জমি কেনেন আলতাফ হোসেন। এরপর বিভিন্ন সময় তার জমি অবৈধভাবে দখল করতে আসামিরা হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত মে মাসে ফসলি জমির কিছু অংশের মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসামিরা। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি আলতাফ হোসেন। উল্টো আসামিরা তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। মামলার তদন্ত কর্মকর্তা আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, ‘কাউন্দিয়া এলাকায় অনেক দিন ধরেই অসহায় কৃষকদের ফসলি জমির মাটি কেটে ইটভাটাগুলোতে বিক্রি করে আসছিল একটি চক্র। এসব চক্রকে মাটি কাটায় সহায়তা করতেন প্রভাবশালী বিএনপি নেতা কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম রিকু।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত